দিল্লিতে বাংলাদেশ ভারত পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

নিজস্ব প্রতিনিধি | Bnc News 

ঢাকা: ভারতের রাজধানী দিল্লির হায়দ্রাবাদ হাউসে বুধবার (৮ এপ্রিল) বৈঠকে বসছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের স্থানীয় সময় দুপুর ১টায় শুরু হওয়ার কথা রয়েছে এই গুরুত্বপূর্ণ বৈঠকের।

বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত থাকবেন। আলোচনার টেবিলে দুই দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ইস্যু স্থান পাচ্ছে।

জানা গেছে, বৈঠকে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার, ট্রান্সশিপমেন্ট সুবিধা পুনরায় চালু, জ্বালানি নিরাপত্তা, গঙ্গার পানি চুক্তির নবায়ন এবং সীমান্তে হত্যাকাণ্ড বন্ধের বিষয়গুলো গুরুত্ব পাবে। এছাড়া বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা চালু, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে জড়িতদের প্রত্যর্পণ, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক সাজাপ্রাপ্ত নেতাদের দেশে ফেরানোর বিষয়ও আলোচনায় আসবে।

পাশাপাশি জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় ভারতের সমর্থন এবং আঞ্চলিক ও মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত পরিস্থিতিও আলোচনার অংশ হতে পারে।

বৈঠকের পর একই দিনে বিকেলে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হারদীপ সিং পুরির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

মূলত ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দিতে মরিশাস যাওয়ার পথে মঙ্গলবার দিল্লি সফরে যান ড. খলিলুর রহমান। বাংলাদেশ সরকার এই সফরকে শুভেচ্ছা সফর হিসেবে উল্লেখ করেছে। ফেব্রুয়ারিতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর এটিই বাংলাদেশের কোনো মন্ত্রীর প্রথম দিল্লি সফর।

জানা গেছে, ৯ এপ্রিল সকালে দিল্লি থেকে মরিশাসগামী একটি বাণিজ্যিক ফ্লাইটে একসঙ্গে যাত্রা করবেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। প্রায় সাত থেকে আট ঘণ্টার এই সফরকে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আনুষ্ঠানিক বৈঠকের বাইরে এই দীর্ঘ যাত্রাপথে দুই মন্ত্রীর মধ্যে একান্ত পরিবেশে আরও বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে করে দিল্লির আনুষ্ঠানিক বৈঠকের পাশাপাশি মরিশাসেও কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখার সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে।

সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

Post a Comment

Previous Post Next Post
×